এশিয়া কাপ নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও, ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় কিছু নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে। সভা শেষে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি জানিয়েছেন, এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং কয়েকটি বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সঙ্গে আলোচনা চলছে।
এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আসন্ন এশিয়া কাপের সূচি চূড়ান্তের কাজ প্রায় শেষ এবং ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়তে যাচ্ছে এবারের আসরে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। তবে সূচি ও ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা চলছে।
টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ এবং ইন্ডিয়া টুডে জানিয়েছেন, এবারের এশিয়া কাপটি ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং এটি টি-টোয়েন্টি সংস্করণে হবে। এছাড়া, ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে, যার মানে অন্তত দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—গ্রুপ পর্বে একবার এবং সুপার সিক্সে আবার। যদি ফাইনালে দুই দল ওঠে, তাহলে তৃতীয়বারের মতো হতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ।
তবে, রাজনৈতিক উত্তেজনা এবং সম্প্রতি লিজেন্ডস লিগে ভারত-পাকিস্তান ম্যাচের শেষ মুহূর্তে বাতিল হওয়ার পর প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে কি দুই দল একে অপরের মুখোমুখি হতে রাজি হবে? তবে এসিসি এবং বিসিসিআই আশাবাদী।
ইন্ডিয়া টুডে জানায়, আগামী কয়েকদিনের মধ্যে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং পিসিবি প্রধান মোহসিন নাকভির মধ্যে বৈঠক হবে সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে। প্রাথমিকভাবে টুর্নামেন্টটি ৭ সেপ্টেম্বর শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে।
এছাড়া, সর্বশেষ ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত ৬ উইকেটে পাকিস্তানকে হারায়। এরপর এপ্রিলের শেষে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
