ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ অল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাক হয় তার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন সাবেক অধিনায়ক। তবে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। তবে এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তাকে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন।
তামিম প্রায় পাঁচ মাস আগে সাভারে শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন। ওই ঘটনার পর লম্বা সময় ধরে চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। ঢাকায় ফিরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর সিঙ্গাপুরে ডাক্তারদের শরণাপন্ন হন। তামিমের ক্রিকেটে ফেরা নিয়ে আকরাম খান বলেছেন, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে, সে খেলবে।’
এর আগে দৈনিক একটি পত্রিকাতে তামিম বলেছিলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করবো, আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করবো বিপিএল থেকে ফেরার। সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’
এদিকে, জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেনার ও তামিমকে পর্যবেক্ষণ করা ইয়াকুব চৌধুরী ডালিম অবশ্য তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন, ‘এখন তামিমের খেলার সম্ভাবনা বলতে বিনোদনের জন্য ঠিক আছে। প্রতিযোগিতামূলক ক্রিকেট, হাই-ভোল্টেজ ম্যাচ—যেমন বিপিএল, ফাইনাল, সেমিফাইনাল—এই ধরনের ম্যাচগুলো একটু… আসলে এটা নির্ভর করবে তামিমের ওপর, তিনি কীভাবে সেটা নেবেন। তবে আমার পরামর্শ থাকবে, ট্রেনিং করা এবং কেবল বিনোদনমূলক খেলাগুলোতে ফোকাস করাই ভালো।’
তামিমের পাশাপাশি এবার জাতীয় লিগে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকেও। মুশফিক ইতোমধ্যেই খেলার জন্য সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। মাহমুদউল্লাহ ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের কিছু জানাননি। যেহেতু গত কয়েক সপ্তাহ ধরেই ঘাম ঝরাচ্ছেন, তাতে করে ধরে নেওয়া হচ্ছে তিনিও খেলবেন।
এ ব্যাপারে আকরাম বলেছেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এই সম্পর্কে আমাকে কিছু বলেনি, মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
