ইনজুরি যেন তাসকিন আহমেদের নিত্যসঙ্গী। তবে যতই চোটে ভোগেন না কেন, মাঠে নামলেই যেন নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত এই টাইগার পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর বিশ্রাম নেয়ার সুযোগ পান দ্বিতীয় ম্যাচে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবারও একাদশে ফিরেছেন তিনি।
এমন সময়েই প্রকাশিত এক পরিসংখ্যান তাকে এনে দিয়েছে গর্বের এক মুকুট। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে যারা কমপক্ষে ১৫০ ওভার বোলিং করেছেন, তাদের মধ্যে সেরা ইকোনমি রেট এখন তাসকিন আহমেদের।
এই সময়ের মধ্যে ২৭ ইনিংসে বল করে ৪৬টি উইকেট শিকার করেছেন তাসকিন। তার ইকোনমি রেট মাত্র ৪.৮৭, যা বাকি সব পেসারদের চেয়ে ভালো।
তালিকার বাকি অবস্থানগুলোও চোখে পড়ার মতো। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ম্যাট হেনরি নিয়েছেন ৪৯ উইকেট, তবে তার ইকোনমি ৫.১৫। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার ইকোনমি ৫.৩২, উইকেট ৩৩টি। চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড, তিনি ৫.৩৮ ইকোনমিতে নিয়েছেন ৩০ উইকেট।
এই তালিকায় ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বা ইংল্যান্ডের মার্ক উডের মতো নামও তাসকিনের পেছনে।
বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিংয়ের যে নবজাগরণ চলছে, তাসকিন আহমেদের এই পরিসংখ্যান সেটিকে আরও দৃঢ়তা দিচ্ছে। ইনজুরি সত্ত্বেও মাঠে তার পারফরম্যান্স জাতীয় দলের জন্য যেমন আশার আলো, তেমনি তরুণ পেসারদের জন্যও অনুপ্রেরণা।

মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
