অস্ট্রেলিয়ার মাটিতে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৪ আগস্ট মাঠে গড়াবে ১০ দলের এই টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্সের সঙ্গে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দলও।
সোমবার (৪ আগস্ট) ডারউইনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। এছাড়া দলে আছেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদের মতো জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা।
২০২৪ সালে এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। গত বছরের আসরের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আকবর আলীর দল। তবে এবার দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ৭ আগস্ট সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে দলটি।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৪ আগষ্ট পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ১৬ আগষ্ট নেপাল, ১৭ আগষ্ট বিগ ব্যাশের দল পার্থ স্কচার্স, ১৯ আগষ্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও ২১ আগষ্ট বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারসের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
