তিন দিন আগেও দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বারবার একটা কথাই বলেছিলেন, ‘আমাদের দলে তিনজন গোলকিপার। আমরা তিনজনকেই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুত করছি।’ গত কয়েক বছর ধরেই নারী জাতীয় দলের তেকাঠীর বিশ্বস্ত সৈনিক রূপনা চাকমা। এশিয়ান কাপের মতো বড় আসরে উজ্জ্বল কেন অন্যদের কথা বলেছিলেন- সে রহস্য উন্মোচিত হয়েছে মঙ্গলবার। সিডনিতে এশিয়ান কাপের অভিষেকে বাংলাদেশ একাদশে রূপনার জায়গা হয়নি, খেলেছেন তাকেই আদর্শ মেনে চলা মিলি আক্তারের। পিটার বাটলার এই ঝুকিতেও উতরে গেছেন দারুণভাবে। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন মিলি, পোস্টের সামনে তার দৃঢ়তায় বিপর্যয় ঘটেনি। বরং চীনের মতো পরাশক্তির কাছে স্রেফ ২-০ গোলের হারের পরও মাথা উঁচু করে মাঠ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।
প্রথম এশিয়ান কাপ খেলতে এসে অনেক প্রথমের সঙ্গে পরিচয় ঘটছে বাংলাদেশের মেয়েদের। মিক্সড জোনের ব্যাপারটার সঙ্গেও তারা সেভাবে পরিচিত নন। কাল ম্যাচ শেষে তাই মিক্সড জোনে প্রথম এসে ধন্দে পড়ে গেলেন ফুটবলাররা। ক্যাটওয়াক করার মতো প্রথমে শুধু হেটে গেলেন, সাংবাদিকদের ডাকে কেউই সাড়া দিলেন না। পরে বুঝিয়ে দেওয়ার পর অবশ্য কথা বলেছেন মিলি থেকে শুরু করে অনেকেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুরুতেই মিলি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের কোচদের প্রতি, বিশেষ করে উল্লেখ করেছেন কোচ উজ্জ্বলের নাম, ‘প্রথমে ধন্যবাদ দেব আমাদের কোচিং স্টাফদের। উনাদের জন্যই হয়তো মানে পেরেছি নিজের পারফরম্যান্সটা দেখাতে। উজ্জ্বল স্যারের কথা বিশেষভাবে বলবো, তিনিই আমাকে এই পর্যায়ে খেলতে প্রস্তুত করেছেন।’
এত বড় ম্যাচের আগে সবাই ভেবেছিলেন রূপনাই থাকবেন পোস্টের দায়িত্বে। তবে মিলি জানালেন, তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে সুযোগটা পাবেন, ‘আমি এটা অনেক আগে থেকেই জানি। যখন লিগ খেলেছি, তখন থেকে আমি বুঝতে পেরেছি আমি খেলব চীনের বিপক্ষে।’ তাতেই বোঝা গেলো চীনা ঝড় থামাতে শতভাগ প্রস্তুতি নিয়েই নেমেছেন। তাই সিনিয়র দলে অভিষেকেও সেভাবে ঘাবড়ে যাননি মিলি, ‘জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ তো, তাই প্রথমে একটু ভয় কাজ করছিল, পরে ঠিক হয়ে গেছে। কনফিডেন্স নিয়ে খেলছি অনেক। তবে যে গোলটা প্রথম খেলাম, সেটা আমাদের ভুলের জন্য হয়েছে, ভয়ের জন্য না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
