আগেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছিল বাংলাদেশ। জয়ের ধারাও থামেনি। তবে এতদিন অধিনায়কের ব্যাটে রান না পাওয়াটা চোখে পড়ছিল। অবশেষে সেই আক্ষেপ ঘুচালেন নিগার সুলতানা জ্যোতি।
নেতৃত্বের সঙ্গে ব্যাট হাতে বড় ইনিংস খেললেন তিনি। সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ে ঝলক দেখালেন সোবহানা মোস্তারি। সব মিলিয়ে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে আরেকটি দাপুটে জয় পেল বাংলাদেশ।
উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স পর্বে শুক্রবার নেপালের কির্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ।
এই জয়ে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে অপরাজিত থেকেই এগোচ্ছে নিগার-সোবহানারা।
ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২০ ওভারে ১৯১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের পাঁচ ম্যাচে মাত্র ৪৮ রান করা নিগার এদিন এক ম্যাচেই ছাড়িয়ে যান সেই হিসাব।
অধিনায়ক অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৬ রান করে, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম ফিফটি। অন্যদিকে সোবহানা ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।
শুরুতে দারুণ ভিত গড়ে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়ায়রিয়া ফেরদৌস। আট ওভারে তাদের জুটিতে আসে ৬৮ রান। বেশি আক্রমণাত্মক ব্যাটিং করা দিলারা ফেরেন ২৮ বলে ৩৯ রান করে।
আগের ম্যাচে ফিফটি করা জুয়ায়রিয়া এবার করেন ২২ বলে ২২ রান।
তিন নম্বরে নেমে শারমিন আক্তার কিছুটা ছন্দ দেখালেও রান আউটে কাটা পড়েন ১০ বলে ১৫ রান করে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিগার ও সোবহানা। চতুর্থ উইকেটে এই জুটি মাত্র ৫২ বলেই যোগ করেন ১০০ রান। টি-টোয়েন্টিতে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের প্রথম শতরানের জুটি।
শেষের দিকে সোবহানা বিদায় নেন ৭টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করে। নিগার ৫টি চার ও ৩টি ছক্কায় ইনিংস শেষ করেন অপরাজিত ৫৬ রানে। এই দুজনের তাণ্ডবে শেষ চার ওভারেই আসে ৬৪ রান।
জবাবে স্কটল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে। আগের ম্যাচের মতোই ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫ রানেই পাঁচ ব্যাটারকে হারায় তারা। আগের ম্যাচের মতো এবারও মারুফা নেন ২৫ রানে ৩টি উইকেট।
মাঝখানে মেগান ম্যাককল ২০ রান ও প্রিয়ানাজ ১৪ রান করে সামান্য লড়াইয়ের চেষ্টা করেন। আট নম্বরে নেমে পিপা স্প্রাউল অপরাজিত ২৭ রান করলে কোনোমতে তিন অঙ্ক ছোঁয় স্কটল্যান্ড। ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০১ রান।
বাংলাদেশের সুপার সিক্স পর্বের শেষ ম্যাচ রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচরাও এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
